যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। এ ধরনের সহায়তা গ্রহণকে ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফরের সময় চিকিৎসার খরচ বহনে সরকারি সহায়তার ওপর নির্ভর করা ভিসার অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে। ভিসার নির্ধারিত শর্ত অমান্য করা কিংবা যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়লে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের অনুমতি নাও মিলতে পারে।
এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের অনুমোদিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করে দূতাবাস। সেখানে বলা হয়, ভিসায় উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ (Admit Until Date) অনুযায়ী অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাইয়ের জন্য i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবরের আরেক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় মার্কিন দূতাবাস। এতে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক সভায় অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে দেশটিতে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন।
বিবৃতিতে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের বলেও স্মরণ করিয়ে দিয়েছে।
বিএইচ
